জাতীয়

নির্বিঘ্নে অটোরিকশা চলাচলসহ ১২ দাবিতে চালকদের পল্টন অবরোধ

রাজধানীতে নির্বিঘ্নে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোসহ ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকেরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরানা পল্টন মোড় অবরোধ করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে সমাবেশ করেন শ্রমিকেরা। সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন তাঁরা।

জানা গেছে, ১২ দফা দাবিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা কম দেখা গেছে। এদিকে যাত্রী নেওয়াকে কেন্দ্র করে পায়ে চালিত রিকশার চালকদের বাধা দেওয়ার ঘটনাও দেখা যায়।

ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা জানান, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান, সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা এবং নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ। প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে অন্তত দুই বছর সময় দেওয়ারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সড়কে লেন পদ্ধতি চালু, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের জন্য পৃথক স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণ। ব্যাটারিচালিত যানবাহন-সংক্রান্ত সব রিট ও ফৌজদারি মামলা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণ, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বিদ্যুৎ বিল, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...