শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তাঁদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে বয়স ৩৩ বছর দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে থাকা বয়সসংক্রান্ত তথ্যের একটি স্ক্রিনশট প্রকাশ করেন সাদিয়া।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে নাহয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারবো?’
নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।’
অভিনেত্রীর ভাষ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বয়স এখন ২৬ বছর। তিনি বলেন, ‘বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’
গুগলে নিজের বয়সসংক্রান্ত ভুল তথ্য নিয়ে বিস্ময় প্রকাশের পাশাপাশি সেটি সংশোধনের উপায় জানতে চেয়েছেন এই অভিনেত্রী।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।