বাংলাদেশের নারী ক্রিকেটে ঘরোয়া পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে সিলেট বিভাগ। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। সাত ম্যাচের আসরে মাত্র একটিতে হেরেছে সিলেট। সব মিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করেছে দলটি।
শেষ ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৮৫ রান তোলে। শিরিনা খাতুন ৩৬ এবং ফারজানা আক্তার লিসা ৩৪ রান করেন। সিলেটের বোলিংয়ে অধিনায়ক সুলতানা খাতুন, সামিহা আক্তার ও আয়েশা আক্তার জুনিয়র দুটি করে উইকেট নেন। ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট ১৮.৩ ওভারেই জয় নিশ্চিত করে। সুমি আক্তার ৪৭ বলে অপরাজিত ২৯ রান করেন। আয়েশা আক্তার জুনিয়র ২১ এবং অধিনায়ক সুলতানা খাতুন ১৬ রান যোগ করেন।
পয়েন্ট তালিকায় সিলেটের পর দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর বিভাগ। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। একই দিনে কক্সবাজারের মাঠে আরেক ম্যাচে খুলনা বিভাগ বরিশালকে ১০ উইকেটে হারিয়েছে।
ব্যক্তিগত পারফরম্যান্সে চট্টগ্রামের মুরশিদা খাতুন হ্যাপি সাত ইনিংসে ২৫০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। বরিশালের বাঁহাতি পেসার লিমা খাতুন ১৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন।
২৮ ম্যাচের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যাটারদের জন্য রান করা সহজ ছিল না। পুরো আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল রংপুরের ১৩৮/৪। ১২০ বা তার বেশি রান করতে পেরেছে দলগুলো মাত্র সাতবার। কম রানের ম্যাচে সিলেটের বোলিং এবং চাপ সামলে লক্ষ্য তাড়া করার সামর্থ্য শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।