রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা প্রমাণিত হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ডের ওই রায়ের বিরুদ্ধে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি গত সোমবার (১৬ নভেম্বর) শেষ হয়। পরদিন মঙ্গলবার রায় ঘোষণা করে হাইকোর্ট স্বপ্না আক্তারকে খালাস দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।