রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এ নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে কিংবা বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অধিদপ্তর।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত ‘অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে’ এসব নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে ফার্মেসির মালিক ও ফার্মাসিস্টদের বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না।
এ ছাড়া অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। ক্রেতাকে বিক্রেতার স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দেওয়ার নির্দেশনাও রয়েছে বিজ্ঞপ্তিতে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়ক ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকেও বিরত থাকতে হবে। রোগীরা যাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করেন, সে বিষয়ে ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে।
অন্যদিকে, অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদেরও কয়েকটি বিষয়ে সতর্ক করেছে অধিদপ্তর। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন না করার পরামর্শ দেওয়া হয়েছে। ওষুধ কেনার সময় মোড়কে উল্লেখ করা মেয়াদ যাচাই এবং বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্থ বোধ করলেও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী অ্যান্টিবায়োটিকের নির্ধারিত কোর্স সম্পন্ন করতে হবে। অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার না হলে জীবাণুর মধ্যে ওষুধ প্রতিরোধী ক্ষমতা তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বা নষ্ট অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।