গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামী আল আমিনকে (২৪) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে র্যাব।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখে আল আমিনের সাথে এক তরুণীর ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধূকে যৌতুকের দাবীতে নির্মম ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এমন অবস্থায় পরের বছর ২০২৫ সালের ১০ অক্টোবর আল আমিন তার স্ত্রীকে একতরফা তালাক দেয়।
তালাকের পরে আবার নতুন করে বিয়ের প্রলোভন দেখিয়ে আল-আমিন তার খালার বাসায় নিয়ে গিয়ে তালাক দেয়া স্ত্রীকে জোর পুর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই নারী সাবেক স্বামী আল-আমিনকে বিয়ের জন্য চাপ দেয়। আল-আমিন বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী ওই নারী চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০) দায়ের করেন।
গ্রেফতার এড়াতে আসামীরা গা ঢাঁকা দেয়। ধর্ষণ মামলার প্রধান আসামী আল-আমিন ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে রোববার (২৪ মে) বিকেলে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৪, সিপিসি-২ ঢাকার সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়।
অভিযান চালিয়ে আশুলিয়া বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামী আল- আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল-আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আসামীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।