বগুড়ার কাহালুতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্রনাথ মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। অন্যজন বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। তিনি ট্রাকটির হেলপার ছিলেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ব্যানারে চালিত একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার নামক স্থানে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক ওই বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে ট্রাকের হেলপার হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।