রাজশাহীতে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। মহানগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সংখ্যা বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পরপর দ্বিতীয় ও তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে একই সময়ে টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় সাহেব বাজার জিরোপয়েন্টে বড় মসজিদ সংলগ্ন এলাকায়। পাশাপাশি রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। এদিকে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের সাজসজ্জা করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিরা একসঙ্গে জামাতে নামাজ আদায় করার ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা জোরদার ছাড়াও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে- ঈদুল আজহা উপলক্ষ্যে সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। সেই লক্ষ্য পরিবেশবান্ধব প্যাকেট নগরীর প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা।
পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।