নীলফামারীর কিশোরগঞ্জে বিষধর সাপের কামড়ে এক যুবক ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকেরা মৃত ঘোষণা করার পরও যুবককে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা যাবে—এমন বিশ্বাসে তার মরদেহে দীর্ঘক্ষণ ওঝা দিয়ে মন্ত্রপড়া ও ঝাড়ফুঁক করিয়েছেন স্বজনেরা।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।
নিহতরা হলেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০) এবং বাহাগিলী ইউনিয়নের বৈধপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে লুনা।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় স্থানীয় একটি মনসার গানের অনুষ্ঠানে যান। সেখানে দর্শকদের বিনোদনের জন্য বিষধর সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়।
পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে বিজয়ের মরদেহ বাড়িতে আনার পর স্বজনেরা ঝাড়ফুঁক শুরু করেন।
পরিবারের সদস্যদের বিশ্বাস ছিল, ওঝা দিয়ে মন্ত্রপড়া ও ঝাড়ফুঁক করালে বিজয় আবার জীবিত হয়ে উঠতে পারেন। সেই আশায় দীর্ঘ সময় মরদেহে ঝাড়ফুঁক করা হয়। তবে এতে কোনো সাড়া মেলেনি।
বিজয়ের বাবা বিপুল রায় বলেন, ‘ডাক্তাররা তো গতকালই তাকে মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু আজ মরদেহ বাড়িতে আনার পর আমাদের মনে হলো, ঝাড়ফুঁক করলে হয়তো ছেলেটা ফিরে আসবে। সেই আশা থেকেই ওঝা ডেকেছিলাম।’
এদিকে একই উপজেলায় সাপের কামড়ে লুনা নামে এক কিশোরীরও মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান লুনা। মধ্যরাতে ঘুমের মধ্যে একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে গেলে স্বজনেরা দ্রুত তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, ‘সাপের কামড়ে পৃথক দুটি মৃত্যুর খবর আমরা পেয়েছি। হাসপাতালে মৃত ঘোষণা করার পরও মরদেহ ঝাড়ফুঁক করার বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।