ক্রোয়েশিয়ার হায়দুক স্প্লিট ক্লাবের সমর্থকরা ইউরোপা কনফারেন্স লিগে আয়াক্সের বিপক্ষে ম্যাচের আগে নাৎসি ও ইহুদিবিরোধী স্লোগান দেওয়ায় দেশটির শীর্ষ নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৬) স্প্লিট শহরে টরসিদা নামে পরিচিত সমর্থকরা মিছিল করে স্লোগান দেয়—“Crush the Jews”, “Rise up Adolf (Hitler)” এবং “Let’s go Ustasha।”
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যাচের আগে সহিংসতার ঘটনায় ডজনখানেক সমর্থককে আটক করা হয়। ম্যাচ চলাকালীনও তারা ফ্লেয়ার ও আতশবাজি জ্বালায়, ফলে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ রাখতে হয়।
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ শুক্রবার এক বিবৃতিতে ঘটনাকে “অগ্রহণযোগ্য ও লজ্জাজনক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “নাৎসিবাদ ও উস্তাশা মতাদর্শের মহিমা প্রচারের কোনো স্থান ক্রোয়েশিয়ায় নেই।” প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচও ইহুদিবিরোধী বার্তাকে দেশের মূল্যবোধের পরিপন্থী বলে নিন্দা জানান।
ইসরায়েলি দূতাবাস এক্স প্ল্যাটফর্মে লিখেছে, “স্প্লিটে সংঘটিত গুরুতর ইহুদিবিরোধী ঘটনার জন্য আমরা গভীরভাবে হতবাক এবং কঠোরভাবে নিন্দা জানাচ্ছি।”
হায়দুক স্প্লিট ক্লাব ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেলেও পরে বিবৃতিতে ইউরোপীয় ফুটবল ফেডারেশন (UEFA) ও আয়াক্সের কাছে ক্ষমা চেয়েছে। তারা বলেছে, “আমরা চাই না ইউরোপ এ ধরনের দৃশ্য মনে রাখুক।” ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনও ঘটনাটির নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উস্তাশা শাসনামলে হাজার হাজার সার্ব, ইহুদি, রোমা ও বিরোধী ক্রোয়াটদের হত্যা ও নিপীড়ন করা হয়েছিল। ২০১৫ সালে স্প্লিটে ইতালির বিপক্ষে ইউরো বাছাই ম্যাচে মাঠে স্বস্তিকা আঁকার ঘটনায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ শাস্তি দিয়েছিল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।