সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের ছাদে এক যাত্রীকে মারধর করে টাকা, স্মার্টফোন ও ঘড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে জামতৈল রেলস্টেশনে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন একজনকে আটক করেন। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বদল রেললাইন দক্ষিণ কলাপাড়া এলাকায়। ভুক্তভোগী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।
তানভীর জানান, চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য সকালে কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেসে ওঠেন তিনি। পথে একটি স্টেশনে ট্রেন থামলে কিছু কেনার জন্য নেমেছিলেন। পরে ট্রেনে ফিরে ভেতরে জায়গা না পেয়ে ছাদে ওঠেন।
তাঁর ভাষ্য, ট্রেনটি যমুনা রেলসেতু পার হওয়ার সময় দুজন তাঁকে ধরে মারধর করেন। এরপর তাঁর কাছ থেকে ২ হাজার ৯০০ টাকা, একটি ঘড়ি ও একটি স্মার্টফোন নিয়ে নেন তাঁরা।
তানভীর বলেন, তিনি তাঁদের কাছে মোবাইল ফোন ও ১০০ টাকা রেখে বাকি জিনিস ফেরত দেওয়ার অনুরোধ করেছিলেন। পরে তাঁকে ১০০ টাকা দিয়ে অন্য জিনিসগুলো নিয়ে যান তাঁরা। জামতৈল রেলস্টেশনে ট্রেন থামলে তিনি চিৎকার করেন। এ সময় স্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে আটক করেন। অপর ব্যক্তি পালিয়ে যান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।