ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে (৩০) হত্যা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। সেই সঙ্গে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে নাটোর আমলি আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। মিন্টু নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছালে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে হেলমেট পড়া দুই যুবক। গুলি থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ওই দুই যুবক।
এসময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে চলে যায় তারা। শাকিল মাটিতে পড়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নিলে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।