দীর্ঘ ৩৬ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও শপথ নিতে পারেননি সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধি। আইন অনুযায়ী বছরে অন্তত একবার সিনেট অধিবেশন আহ্বানের বিধান থাকলেও প্রায় এক দশক ধরে অধিবেশন হচ্ছে না বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের। এরই মধ্যে রাকসুর মেয়াদও শেষ হয়েছে।
সিনেটের কোরাম সংকট, সদস্যপদসংক্রান্ত জটিলতা ও প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্নের মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে অধিবেশন আয়োজন। দেশের অন্য তিনটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এ বছর সিনেট অধিবেশন অনুষ্ঠিত হলেও ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন প্রার্থী। নির্বাচনে শিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে তিনজন এবং স্বতন্ত্র প্যানেল থেকে দুজন নির্বাচিত হন। তাঁরা হলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, ফজলে রাব্বী মো. ফাহিম রেজা ও আকিল বিন তালেব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা সিনেট সদস্য হিসেবে বিবেচিত হবেন। একই সঙ্গে শপথ গ্রহণের পরবর্তী এক বছর তাঁদের দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অধ্যাদেশের ২১ নম্বর ধারা অনুযায়ী, বছরে অন্তত একবার সিনেট অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টিতে সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মে। এর আগে ২০০১ সালের ২৮ ও ২৯ জুন ২০তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৫ সালের ১৮ মে বসে ২১তম অধিবেশন। এরপর ২০১৬ সালের ১৯ মে ২২তম অধিবেশনের পর আর কোনো অধিবেশন হয়নি।
সিনেট অধিবেশনে উপাচার্য নির্বাচন, বাজেট অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন এবং নতুন বিভাগ বা ইনস্টিটিউট চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনেট ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী মো. ফাহিম রেজা বলেন, গত এক বছরে বিশ্ববিদ্যালয়ে দুটি প্রশাসন দায়িত্ব পালন করেছে। তাঁর অভিযোগ, উভয় প্রশাসনই সিনেট কার্যকর করার বিষয়ে উদাসীন থেকেছে। তাঁদের সঙ্গে আলোচনা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলন ছাড়াই আলোচনার মাধ্যমে অধিবেশন আয়োজনের আশা করেছিলেন তাঁরা। তবে প্রশাসনের সদিচ্ছা না দেখায় নির্বাচিত পাঁচ প্রতিনিধি শিগগিরই গণতান্ত্রিক আন্দোলনে যাওয়ার কথা ভাবছেন।
রাকসুর জিএস ও সিনেট প্রতিনিধি সালাহউদ্দিন আম্মার বলেন, সিনেট কার্যকর করার বিষয়ে তাঁরা প্রশাসনের সঙ্গে বারবার আলোচনা করেছেন। বর্তমান প্রশাসন তাঁদের প্রায় এক মাস সময় চেয়েছে। তাঁর ভাষ্য, সিনেটের কয়েকজন সদস্যের পদ ও সদস্যপদসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব সমস্যার সমাধান করে অধিবেশন আয়োজন করা সম্ভব হলেও প্রশাসন যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে না বলে তিনি মনে করেন। যেভাবেই হোক সিনেট কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রাকসুর ভিপি ও সিনেট সদস্য মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসুর তিন প্রতিনিধি বিভিন্ন অধিবেশনে সিনেটের বিষয়টি তুলেছেন। এ ছাড়া পাঁচজন আলাদাভাবেও প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। তবে দুই প্রশাসনই বিভিন্ন কারণ দেখিয়েছে। তাঁর অভিযোগ, সিনেটে গৃহীত সিদ্ধান্ত প্রশাসনের পছন্দ না হওয়ার আশঙ্কাও অধিবেশন না ডাকার পেছনে ভূমিকা রাখতে পারে।
মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ নেওয়ার পর এক বছর পর্যন্ত তাঁদের মেয়াদ থাকবে। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের অনেকের পড়াশোনা শেষ হয়ে গেছে; তাঁদের পক্ষে অনির্দিষ্টকাল ক্যাম্পাসে থাকা সম্ভব নয়। রাকসুর মেয়াদ শেষ হওয়া এবং সিনেট প্রতিনিধিদের শপথ না হওয়াকে তিনি প্রশাসনের অবহেলা হিসেবে দেখছেন। এ বিষয়ে তাঁরা দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, তাঁর দায়িত্ব পালনকালে সিনেট অধিবেশন আয়োজনের চেষ্টা করেছিলেন। প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার নির্দেশও দিয়েছিলেন। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সময় লাগছিল। এর মধ্যেই তাঁর মেয়াদ শেষ হয়ে যায়।
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, সিনেট অধিবেশন আয়োজনের চেষ্টা চলছে। তবে এর আগে কোরাম পূরণ করতে হবে। অনেক সিনেট সদস্য মারা গেছেন এবং বিভিন্ন কারণে বেশ কিছু পদ শূন্য রয়েছে। এসব বিষয় সমাধানের পর অধিবেশন আয়োজন করা হবে। বিতর্ক এড়িয়ে অধিবেশন আয়োজন নিশ্চিত হলেই তিনি তা আহ্বান করবেন বলে জানান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।