বিনোদন

নতুন সিনেমায় সাই পল্লবীর ব্যতিক্রমী চরিত্র

‘রামায়ণ’ সিনেমা নিয়ে বলিউডে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন রূপে হাজির হয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ধানুশ ও মাম্মুটি অভিনীত আসন্ন সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাঁকে। সোমবার (২৬ অক্টোবর) সিনেমাটিতে তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

সিনেমায় সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। প্রকাশিত ঝলকে দেখা যায়, লাল চন্দনকাঠ পাচারের একটি ঘটনার তদন্ত করছেন তিনি। ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের বাসিন্দা নিত্যার সঙ্গে বনাঞ্চলের রয়েছে গভীর ব্যক্তিগত সম্পর্ক।

নিত্যার বাবা ভারতীয় বন পরিষেবার কর্মকর্তা ছিলেন। বন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান তিনি। বাবার স্মৃতি ও বনাঞ্চল রক্ষার দায়বদ্ধতা নিত্যার চরিত্রকে দিয়েছে ভিন্ন মাত্রা।

নির্মাতাদের ভাষায়, নিত্যা সততা, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এক চরিত্র। প্রথম ঝলক প্রকাশের পর সাই পল্লবীর ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন লিখেছেন, ‘কুইন ইজ ব্যাক’। আরেকজনের মন্তব্য, ‘সাই এমন কিছু করছেন, যা দারুণ হতে যাচ্ছে।’ কেউ কেউ চরিত্রটিকে সাই পল্লবীর অভিনীত সবচেয়ে ‘কুল’ চরিত্রগুলোর একটি বলেও উল্লেখ করেছেন।

ধানুশের সঙ্গে সাই পল্লবীর পর্দার রসায়ন নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। এর আগে ‘রাউডি বেবি’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। নতুন সিনেমায় তাঁদের আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘রাউডি বেবি জুটি আবার ফিরেছে।’

এদিকে সাই পল্লবীর বলিউড অভিষেকের সিনেমা ‘রামায়ণ’ নিয়েও চলছে নানা আলোচনা। এতে সীতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। আগামী ৫ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। রাম ও সীতার সম্পর্ক এবং তাঁদের একসঙ্গে পথচলাকে কেন্দ্র করে তৈরি গানটি সংগীতের বাইরেও নানা কারণে আলোচনায় এসেছে। গানে কাওয়ালির আদলের সুর ব্যবহার করায় সংগীত পরিচালক এ আর রহমানের সমালোচনা করেছেন কেউ কেউ।

এ ছাড়া রামের গায়ে হলুদ লাগানোর একটি দৃশ্যে সীতার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। তবে কারও কারও ধারণা, দৃশ্যটি অভিষেক বা রাজ্যাভিষেকের কোনো আয়োজনের অংশ হতে পারে।

‘রামায়ণ’ নিয়ে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন সিনেমায় সাই পল্লবীর ভিন্নধর্মী চরিত্র ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।

রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুশ ও মাম্মুটি। আগামী ২০ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...