উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। ক্রমেই কমছে রাতের তাপমাত্রা। অন্যদিকে দিনের বেলায় তীব্র রোদের কারণে বাড়ছে গরমের অনুভূতি। দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্যে শীতের আগমনী বার্তা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাতের ঠান্ডার প্রভাব দিনের বেলায় তেমন থাকছে না। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাতে ঠান্ডা আর দিনে গরম—এমন বৈপরীত্যপূর্ণ আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে পঞ্চগড়ের বাসিন্দাদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস সরাসরি এ অঞ্চলে প্রবেশ করছে। এ কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে।
তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে মেঘমুক্ত আবহাওয়ার প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।