রাজশাহী

নাটোরের লালপুরে আইসিটি ভবনের বেহাল দশা

নাটোরের লালপুরে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় নির্মিত আইসিটি ভবন ব্যবহারের আগেই বেহাল হয়ে পড়েছে। দরজার হাতল ও লোহার গ্রিলে মরিচা, জানালার সংযোগস্থলে ফাটল, ভাঙা টাইলস এবং বিভিন্ন ফিটিংসে ত্রুটি দেখা দিয়েছে। এতে ভবনটির নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে আইসিটি ভবনটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে শুরু হওয়া এ কাজের ব্যয় ধরা হয়েছিল এক কোটি ৫১ লাখ ৬১ হাজার ২৯১ টাকা। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড।

সম্প্রতি সরেজমিনে ভবনটিতে গিয়ে দেখা যায়, দরজার হাতল, ছিটকিনি ও বারান্দার লোহার গ্রিলে মরিচা ধরেছে। বাথরুম ও বেসিনে লাগানো শাওয়ার এবং পানির কলের সংযোগও আলগা। কোথাও কোথাও এসব সামগ্রীর ওপরের প্রলেপ উঠে গেছে।

বারান্দা ও জানালায় ব্যবহৃত থাই গ্লাস স্থাপনের কাজ নিয়েও প্রশ্ন উঠেছে। গ্লাসের রাবার বিডিং ও আঠা যথাযথভাবে লাগানো হয়নি বলে দেখা গেছে। জানালার সংযোগস্থলে রয়েছে ফাটল। এ ছাড়া কয়েকটি স্থানে টাইলস ভাঙা এবং দরজার কাঠের কাজ ও কবজা সংযোজনেও ত্রুটি রয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, তাঁরা কাজ শেষ করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছেন। তবে এখনো চূড়ান্ত বিল পাননি। এরপরও কোনো সমস্যা থাকলে বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকলে সেগুলো পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা এলজিইডি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নকশাকার ও উপসহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন। তিনি বলেন, কার্যাদেশের সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন লালপুর উপজেলা প্রকৌশলী ও এলজিইডির প্রকল্প মনিটরিং কমিটির সদস্যসচিব মো. আওলাদ হোসেন। তিনি বলেন, ভবনটির কাজ এখনো আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। বৈদ্যুতিক সংযোগের কাজও বাকি রয়েছে। কাজ বুঝে নেওয়ার পর ঠিকাদারকে বাকি বিল দেওয়া হবে।

প্রকল্প মনিটরিং কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...