দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের নবাবগঞ্জে কমলা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল ইসলাম। উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর ‘গ্রীন জুম’ কৃষি প্রকল্পের প্রায় ১০ একর জমিতে গড়ে তুলেছেন কমলার বাগান। চায়না ও দার্জিলিং জাতের কমলায় ভরে উঠেছে গাছ। ফল সংগ্রহের প্রস্তুতির পাশাপাশি এ বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় শ্রমিকদের।
জহুরুল ইসলামের প্রায় ২০ একর জমির কৃষি প্রকল্পে কমলার পাশাপাশি চাষ হচ্ছে ড্রাগন, বেদানা ও লংগানসহ বিভিন্ন ফলের। কমলার বাগানে রয়েছে চায়না জাতের ৮০০টি এবং দার্জিলিং জাতের ১ হাজার ৫০০টি গাছ। গাছের ডালে ডালে ঝুলছে কমলা। আর কয়েক দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করতে পারবেন বলে আশা করছেন তিনি।
জহুরুল ইসলাম জানান, বাজারে ভালো দাম পাওয়া গেলে কমলা বিক্রি করে খরচ বাদে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। কমলার পাশাপাশি অন্যান্য ফল চাষের মাধ্যমেও আয় বাড়ানোর চেষ্টা করছেন তিনি। এ কৃষি প্রকল্পে প্রতিদিন কাজ করছেন ২০ থেকে ২৫ জন শ্রমিক। এর মধ্যে কমলার বাগানে কর্মসংস্থান হয়েছে ১০ থেকে ১২ জনের। শ্রমিকেরা জানান, বাগানে নিয়মিত কাজের সুযোগ পাওয়ায় তাঁদের সংসার চালাতে সুবিধা হচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগও এ উদ্যোগে সহযোগিতা করছে। নবাবগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম জানান, জহুরুল ইসলামের বাগানের চাষাবাদের খোঁজখবর রাখা হয়। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কমলা চাষের সম্ভাবনা, বিভিন্ন জাতের ফল উৎপাদন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান—সব মিলিয়ে নবাবগঞ্জের মনোহরপুরে ‘গ্রীন জুম’ কৃষি প্রকল্প একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।