তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে সংস্কার করে তা খেলার মাঠ হিসেবে গড়ে তোলা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম, যুবক ও যুব নারীদের জন্য এসব মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে।
তিনি বলেন, সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় আট বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা ও সুইমিংপুল স্থাপনসহ সংস্কারকাজ করা হবে। এ জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এতে অবকাঠামোগত সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্রীড়া খাতে দুর্নীতির বিষয়ে আমিনুল হক বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনা হবে এবং দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি ও শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে খেলাধুলার ক্যালেন্ডার তৈরি করা হবে। বছরব্যাপী এ ক্যালেন্ডারে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়েরা অংশ নেবেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এ আয়োজনের উদ্বোধন করবেন।
ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরির উদ্যোগের অংশ হিসেবে প্রথম আসরের ৩০৬ জনের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।