নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
শনিবার (৩১ অক্টোবর) হাসপাতাল পরিদর্শনকালে তিনি সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসার মান ও হাসপাতালের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না এবং সেবা নিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়েও তাঁদের মতামত শোনেন মহাপরিচালক।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, রোগীদের সেবাপ্রাপ্তি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সিটিজেন চার্টারের যথাযথ প্রদর্শন ও বাস্তবায়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সিটিজেন চার্টারে উল্লেখিত সেবাগুলো নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের বিদ্যমান সেবার মান ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করতেই এ পরিদর্শন করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।