রংপুর বিভাগ

পা দিয়ে লিখে কলির এইচএসসি পাস

প্রবল ইচ্ছাশক্তি ও অদম্য মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতাও স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। এরই দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কলি রানী। দুই হাত থাকলেও আঙুল না থাকায় পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন করেছেন তিনি। রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসী।

কলি রানী রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান কলি। এরপর মা রূপালী রানীর স্নেহ, সাহস ও সহযোগিতায় নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি।

কলির মা রূপালী রানী জানান, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মেয়ে কখনো হাল ছাড়েনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের অনুপ্রেরণায় নিজের প্রচেষ্টায় আজ এ পর্যায়ে পৌঁছেছে সে। দুই হাতে আঙুল না থাকায় পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কলি। শুধু তা-ই নয়, ডান পা দিয়ে সহজেই মোবাইল ফোন ও কম্পিউটারও চালাতে পারে সে।

পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে নানা প্রতিভা। সুরেলা কণ্ঠে গান গাইতেও পারদর্শী সে। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ইতোমধ্যে একাধিক পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও কলি সবার সঙ্গে বসে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। অদম্য ইচ্ছাশক্তির কারণে স্বাচ্ছন্দ্যে সব পরীক্ষা শেষ করে সফলভাবে উত্তীর্ণ হয়েছে সে।

কলি রানী এর আগে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার এইচএসসিতে সাফল্যের পর তার স্বপ্ন আরও বড় হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কলি রানী বলেন, ‘উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। প্রমাণ করতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা কখনো স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না।’

উচ্চশিক্ষা গ্রহণ করে স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনা চালিয়ে যেতে চান কলি। এ জন্য তিনি ও তার পরিবার সবার আশীর্বাদ এবং বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...