গাইবান্ধা প্রতিনিধিঃ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফন কাজে বাঁধা দেয়ার তীব্র নিন্দাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সদর উপজেলা কমান্ডের আহায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম তোতাসহ অন্যান্যরা। মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।
বক্তারা বলেন, দেশের একজন বীর মুক্তিযোদ্ধার জানাযা ও দাফন কাজে বাঁধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকান্ড। তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এরআগে, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতির সময় বাঁধা দেওয়া হয়।
পরবর্তীতে পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় সম্মান ও গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তাঁর দাফন সম্পন্ন হয়। এ নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।