জাতীয়

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ২২৩ টাকা

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস অক্টোবরে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। ফলে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ২২৩ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসে বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল কমিশন। ফলে দুই মাসে এই সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বেড়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বাড়ায় নভেম্বর মাসে দেশের বাজারে নতুন দাম সমন্বয় করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের জন্য প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৭৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ দুই উপাদানের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড় সৌদি চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭৫৯ মার্কিন ডলার।

এর সঙ্গে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম বাবদ প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার এবং ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে সৌদি চুক্তিমূল্য প্রতি মেট্রিক টনে গড়ে ৪৬ দশমিক ৫০ মার্কিন ডলার বেড়েছে। এর প্রভাবে মূসকসহ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৭৪ টাকা বাড়ার কথা বলা হয়েছে। তবে কমিশনের নির্ধারিত নতুন দাম অনুযায়ী খুচরা পর্যায়ে আগের মাসের তুলনায় দাম বেড়েছে ২২৩ টাকা।

এদিকে সরকারি এলপিজির দামও বাড়ানো হয়েছে। এলপি গ্যাস পিএলসি সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজি সরকারি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।

এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটার ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, গত ২৯ অক্টোবর প্রস্তাবকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রস্তাব পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন নতুন মূল্যহার নির্ধারণ করেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...