বিনোদন

পরীমণিকে ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিকদের হেনস্তা, হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে (শামসুন্নাহার স্মৃতি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি চলচ্চিত্র, ভিডিওসহ যেকোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি কিংবা নগ্ন ও অশালীন নাচ-গান থেকে ভবিষ্যতে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষামূলক মূল্য নেই।

এ ছাড়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। সকাল ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পরীমণির নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়।

এ সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা রবিউলের ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন বলেও উল্লেখ করা হয়।

ওই ঘটনায় ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল কাউছার, ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন এবং ‘টাইমস টুডে’র শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্তপাতের ঘটনাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নোটিশে বলা হয়, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে পেশিশক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিয়ন্ত্রণের কোনো আইনি সুযোগ কারও নেই।

নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমণি ‘সমকাল’-এর রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। রবিউলের ডান হাত জন্মগতভাবে বিকলাঙ্গ এবং বাঁ হাতের তুলনায় ছোট; তাঁর তিনটি আঙুল নেই। এ সময় পরীমণি তাঁকে উদ্দেশ করে ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ বলে গালিগালাজ করেন এবং ‘তোকে পিষে মেরে ফেলব’ বলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তাঁর পেশাগত মর্যাদার ওপর আঘাত। একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত ৬ নভেম্বর ২০২৬ পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট দেওয়া হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নেতিবাচক ও সমালোচনামূলক মন্তব্য করছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...