জাতীয়

বিমানবন্দরে ৩২ লাখ টাকার পণ্য আটক, তালিকায় ভেপ-স্বর্ণালংকার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

গত ৬ ও ৭ নভেম্বর দুই দিনে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

এনবিআর জানায়, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্যের এন্ট্রি রয়েছে। একই বছরে আবারও ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার আনা স্বর্ণালংকার আটক করা হয়েছে।

এদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযানে কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের ঘটনা চোরাচালানের নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...