বিশ্ব

কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সমালোচনা গ্রেটা থুনবার্গের

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বিশ্বনেতাদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর অভিযোগ, জলবায়ু সম্মেলনগুলোতে প্রতিবছর বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে প্রয়োজনীয় পরিবর্তন দেখা যায় না। তিনি বিশ্বনেতাদের প্রতি মুনাফা ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তে মানুষ এবং পৃথিবীর ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলে পৌঁছে এসব কথা বলেন গ্রেটা। ১১ নভেম্বর প্রকাশিত আলজাজিরার প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়েছে।

গ্রেটা বলেন, প্রতিবছর আয়োজক দেশগুলো জলবায়ু সম্মেলনকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ হিসেবে ব্যবহার করে। তাঁর মতে, সম্মেলনের আলোচনায় এমন শিল্পপ্রতিষ্ঠানের লবিস্টদের উপস্থিতি থাকে, যারা পরিবেশের ক্ষতি করে লাভবান হচ্ছে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষের প্রকৃতি ও পৃথিবীর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্রভাবে দেখা যাচ্ছে। তাপপ্রবাহ, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন গ্রেটা।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এমন এক সংকট, যা মানুষের প্রিয় সবকিছুকে হুমকির মুখে ফেলছে। পৃথিবীর অধিকাংশ মানুষের স্বার্থ উপেক্ষা করে অল্প কিছু মানুষের মুনাফা ও রাজনৈতিক ক্ষমতা রক্ষার প্রবণতা বন্ধ করতে হবে।

২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডেনের পার্লামেন্টের সামনে এককভাবে স্কুল ধর্মঘট শুরু করে আলোচনায় আসেন গ্রেটা থুনবার্গ। তাঁর সেই আন্দোলন পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে আন্দোলনে যোগ দেয়।

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। গ্লাসগো সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে তিনি যথেষ্ট মনে করেননি।

কপ৩১ সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মতো উদ্যোগের কথা তুলে ধরছে। তবে দুটি দেশই বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। বিশেষ করে কয়লার ব্যবহার এখনো তাদের জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ।

গ্রেটার উপস্থিতিকে সম্মেলনে অংশ নেওয়া তরুণ জলবায়ু আন্দোলনকারীরা ইতিবাচকভাবে দেখছেন। ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জোটের সঙ্গে যুক্ত ২৬ বছর বয়সী অ্যাম্বার টার্নার বলেন, অর্থবহ পরিবর্তন আনা এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের জবাবদিহির আওতায় রাখার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, গ্রেটার উপস্থিতি সেটি স্মরণ করিয়ে দেয়।

সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিয়ুন উ-ও তাঁর উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে জলবায়ু আলোচনার সিদ্ধান্তগুলোর পরিণতি বহন করতে হবে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, কপ৩১ সম্মেলন ২০ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী বছরের কপ৩২ সম্মেলন ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...