যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় একটি এসইউভি গাড়ি ফুটপাতের ওপর উঠে পথচারীদের ধাক্কা দিলে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার আগে একটি মেট্রো স্টেশনের কাছের ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে একটি সাদা রঙের এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা মানুষের ওপর উঠে যায়। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গাড়িটি ব্যস্ত একটি সড়কের মোড়ে অন্তত পাঁচজনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গাড়ির চালকসহ অন্তত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছে আহতদের চিকিৎসা ও হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ফুটপাতের পাশে বিক্রেতাদের অস্থায়ী তাঁবু ও দোকানের কাছেই সাদা গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিচ্ছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।