পশ্চিম আফ্রিকা থেকে সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন হঠাৎ বেড়ে গেছে। নভেম্বরের প্রথম ১০ দিনেই প্রায় ৬ হাজার মানুষ দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। তাঁদের বড় একটি অংশ আশ্রয় নিয়েছেন তুলনামূলক ছোট দ্বীপ এল হিয়েরোতে। দ্রুত বাড়তে থাকা এই চাপ সামাল দিতে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে স্পেনের কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছে।
১১ নভেম্বর প্রকাশিত ফরাসি সংবাদমাধ্যম লা মঁদের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যে সেনেগাল, মরক্কো, গাম্বিয়া ও মালিসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ হাজার মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। স্পেনের সংবাদ সংস্থা ইএফইর তথ্যের বরাত দিয়ে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন ৫ হাজার ৫৯২ জন। অর্থাৎ নভেম্বরের প্রথম ১০ দিনেই আগের ওই সাড়ে আট মাসের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে নতুন আগমনের সংখ্যা।
অভিবাসনপ্রত্যাশীদের বড় অংশের গন্তব্য হয়েছে এল হিয়েরো। দ্বীপটির জনসংখ্যা প্রায় ১২ হাজার। এত অল্পসংখ্যক মানুষের বসবাসের এলাকায় অল্প সময়ে কয়েক হাজার নতুন মানুষের আগমন স্থানীয় প্রশাসনের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ গত ৬ নভেম্বর সামাজিক জরুরি অবস্থা ঘোষণা করে। একই সঙ্গে স্পেনের আঞ্চলিক ও জাতীয় সরকারের কাছে সহায়তা চাওয়া হয়। নতুন আগতদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা, খাবার, চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মুখপাত্র ক্রিস বোরোভস্কি বলেছেন, এই পথে অভিবাসীদের আগমন দ্রুত বেড়েছে। তাঁর মতে, শরৎকালে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক অনুকূল থাকায় পশ্চিম আফ্রিকা থেকে যাত্রা বাড়ে। পাশাপাশি মানব পাচারকারী নেটওয়ার্কগুলোও পরিস্থিতি অনুযায়ী যাত্রাপথ পরিবর্তন করে।
অন্যদিকে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ইউরোপে প্রবেশের অন্যান্য পথ কঠিন হয়ে যাওয়ায় অনেকেই ক্যানারি দ্বীপপুঞ্জের আটলান্টিক রুট বেছে নিচ্ছেন। ইতালি ও গ্রিসে যাওয়ার পথে তিউনিসিয়া ও লিবিয়ার উপকূলে নিয়ন্ত্রণ জোরদার হয়েছে। মরক্কোও উত্তরাঞ্চল দিয়ে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে।
ফলে অভিবাসনপ্রত্যাশীদের একটি অংশ আরও দক্ষিণের উপকূল থেকে যাত্রা শুরু করছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীদের ৪৩ শতাংশ পশ্চিম সাহারার লায়ুন, বোজাদুর ও দাখলা এলাকা থেকে যাত্রা করেছিলেন।
অভিবাসন বিশেষজ্ঞ মেহদি আলিউয়ার মতে, উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ বাড়ার কারণে মানুষ দক্ষিণের সাহারা অঞ্চলের দিকে সরে যাচ্ছেন। মরক্কোর তরুণদের মধ্যে কর্মসংস্থানের অভাব ও ভবিষ্যৎ নিয়ে হতাশাও দেশ ছাড়ার প্রবণতা বাড়াচ্ছে।
সেনেগালের অভিবাসন পর্যবেক্ষণ সংস্থার প্রধান আলি তানদিয়ানও পশ্চিম আফ্রিকার মানুষের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক হতাশাকে অভিবাসনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, অনেকেই নিজ দেশে ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা না দেখে অন্যত্র জীবন গড়ার চেষ্টা করছেন।
তবে এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে অনেক নৌযানকে দীর্ঘ সময় আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হয়। কোনো কোনো যাত্রা তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হচ্ছে। দীর্ঘ পথ, খাদ্য ও পানির অভাব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝসমুদ্রে প্রাণহানির আশঙ্কা বাড়ছে।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের পথে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত অন্তত ৬৩৫ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রতি ১০০ জন দ্বীপে পৌঁছানোর বিপরীতে প্রায় ১৪ জন মারা গিয়েছিলেন। ২০২৬ সালে এই অনুপাত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
ক্যানারি দ্বীপপুঞ্জে চলতি বছরে মোট আগমনের সংখ্যা ইতোমধ্যে ১৯ হাজার ছাড়িয়েছে। ২০২৫ সালে পুরো বছরে এসেছিলেন ১৭ হাজার ৭৮৮ জন। তবে ২০২৪ সালের ৪৬ হাজার ৮৪৩ জনের রেকর্ড এখনো অতিক্রম করেনি।
অভিবাসনপ্রত্যাশীদের এই প্রবাহ অব্যাহত থাকলে দ্বীপগুলোর আবাসন, স্বাস্থ্যসেবা ও উদ্ধার কার্যক্রমের ওপর চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে সমুদ্রপথে প্রাণহানির ঝুঁকি কমাতে ইউরোপীয় দেশগুলোর সীমান্তনীতি ও মানবিক সহায়তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
সূত্র: ফরাসি সংবাদমাধ্যম লা মঁদে
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।