জাতীয়

প্রাথমিকে শূন্য পদে নিয়োগের দাবি, কাফনের কাপড় পরে অনশনের হুঁশিয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও সুপারিশপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া শেষে শূন্য থাকা ১ হাজার ৫৫৪টি পদে নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। অপেক্ষমাণ তালিকা তৈরি করে এসব পদে নিয়োগ দেওয়া না হলে কাফনের কাপড় পরে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে আসা নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষে ১ হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে। নিয়োগসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, অপেক্ষমাণ তালিকা তৈরি করে সেখান থেকে এসব পদ পূরণের সুযোগ রয়েছে। তাঁদের হিসাবে, আড়াই হাজারের বেশি প্রার্থীকে নিয়ে অপেক্ষমাণ তালিকা তৈরি করা সম্ভব।

তাঁরা জানান, ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই দফায় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছিল। কিন্তু এবার একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না কেন, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না।

মানববন্ধনে এক চাকরিপ্রত্যাশী বলেন, দেশের ৬৪ জেলা থেকে তাঁরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক নারী প্রার্থী ছোট সন্তান কোলে নিয়ে রাজপথে নেমেছেন। অপেক্ষমাণ তালিকা তৈরি করে সেখান থেকে নিয়োগ দেওয়া তাঁদের ন্যায্য দাবি; এটি কারও করুণা বা দয়া নয়।

তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসবেন। সময় থাকতে কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে দাবি আদায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলের ভিত্তিতে দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে তাঁদের মধ্যে দেড় হাজারের বেশি প্রার্থী বিভিন্ন কারণে চাকরিতে যোগদান করেননি। ফলে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে।

আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২৫ আগস্ট জারি করা পরিপত্রে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের সুযোগ রাখা হয়েছে। পরিপত্রের অনুচ্ছেদ (গ) অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী যোগদান না করলে অথবা যোগদানের পর পদত্যাগ করলে সংশ্লিষ্ট বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় অপেক্ষমাণ তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের ফল উপস্থাপন করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করা যাবে।

এ ছাড়া পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, প্রথম নিয়োগের সুপারিশের তারিখ থেকে অপেক্ষমাণ তালিকার মেয়াদ এক বছর বহাল থাকবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

চাকরিপ্রত্যাশীদের দাবি, নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজন না করে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হলে সরকারের অর্থ ও সময় সাশ্রয় হবে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট কমানো সম্ভব হবে।

কর্মসূচি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি দ্রুত অপেক্ষমাণ তালিকা প্রকাশ এবং শূন্য পদগুলোতে নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানান তাঁরা।

এর আগে একই দাবিতে গত ৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এবং ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...