রাজধানীতে অনুমোদনহীন হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর ভোগান্তি বাড়ার পাশাপাশি সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানায়, আগামী ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের নিজ দায়িত্বে এসব সরঞ্জাম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় পাওয়া গেলে কিংবা ব্যবহৃত হতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।