বিশ্ব

সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর সামা টিভির।

তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সব সিদ্ধান্তই সর্বোচ্চ নেতার সম্মতি ও সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে।’

এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘দেশ পরিচালনায় সমঝোতাভিত্তিক সিদ্ধান্ত ও সম্মিলিত শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সমাজে বিভেদ সৃষ্টি করে এমন কোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান মূলত শত্রুপক্ষের উদ্দেশ্যকেই শক্তিশালী করে।’

ইরানের প্রেসিডেন্ট জানান, দেশটি বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না।

তিনি বলেন, ‘ইরানের আলোচক দল দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে গোপন একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত।

রোববার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে জটিল বার্তাবাহক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে সহজে যোগাযোগ করতে পারছেন না। এ কারণেই আলোচনা এগোতে দেরি হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব পাঠায়, তখন সেই বার্তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর আসতে অনেক সময় লেগে যায়।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস জানায়, সর্বোচ্চ নেতার নিরাপত্তার জন্য অত্যন্ত সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ইরান সরকারের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাও তার অবস্থান সম্পর্কে জানেন না এবং সরাসরি যোগাযোগের কোনো উপায়ও তাদের নেই।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel