দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় নতুন এই আয়োজনের।
‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’—কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম নিজেই।
ট্রেলারে বালামকে দেখা গেছে একেবারেই ভিন্ন লুকে। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ও যাযাবর ঘরানার ডার্ক ফিউশন পোশাকে হাজির হয়েছেন তিনি। হাতে গিটার কিংবা পাহাড়ি লাঠি নিয়ে আকাশের দিকে তাকিয়ে তাঁর পরিবেশনা পুরো ভিডিওতে তৈরি করেছে আধ্যাত্মিক আবহ।
জানা গেছে, গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচক অঞ্চলে।
মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। আর এই আয়োজনের বড় আকর্ষণ হিসেবে থাকছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। গানের মূল নারী চরিত্রে প্রথমবারের মতো বালামের বিপরীতে পর্দায় দেখা যাবে তাঁকে।
জানা গেছে, বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির অফিশিয়াল মিউজিক ভিডিও।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।