দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদ উপলক্ষে বুধবার রাতে পরিবারের সদস্যদের হাতে মেহেদি পরিয়ে দেন সাদিয়া আক্তার (২০)। ওই রাতে শিশুসন্তানের কান্নার শব্দে ঘুম ভেঙে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান স্বামী হাবিবুর রহমান।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের তোশাই জোড়গাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান পেশায় ভ্যানচালক। তাদের দেড় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার রাতে পরিবারের সদস্যদের হাতে মেহেদি পরিয়ে দেন সাদিয়া। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের পর হাবিবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। রাতে বাড়িতে দেরিতে ফেরা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন।
পরিবারের দাবি, রাতে কোনো এক সময় শিশুসন্তানের কান্নায় ঘুম ভাঙলে হাবিবুর রহমান দেখেন, ঘরের ধরনায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন তার স্ত্রী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।