সিঙ্গাপুরে জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শনিবার (৬ জুন) সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) ‘অনলাইন ক্রিমিনাল হার্মস অ্যাক্ট ২০২৩’ প্রয়োগ করে ইউটিউব, ফেসবুক ও এক্স কর্তৃপক্ষকে এই নির্দেশনা জারি করে।
তদন্তে জানা গেছে, এই উস্কানিমূলক বিষয়বস্তুগুলো মূলত চীন-ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তৈরি হয়েছিল। পুলিশের ধারণা, সিঙ্গাপুরের ভেতরে অপপ্রচার ও গুজব ছড়ানোর উদ্দেশ্যে বিদেশ থেকে এই পরিকল্পিত চেষ্টা করা হচ্ছিল।
পোস্টগুলোতে মূলত ভারতীয়দের টার্গেট করা হয়। সেখানে দাবি করা হয়, সিঙ্গাপুরে ভারতীয়দের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং দেশটির সবার সাথে মিলেমিশে থাকার নীতিটি কেবল পশ্চিমাদের দেখানোর জন্য একটি নাটক।
এ ছাড়া ভারতীয় প্রবাসী শ্রমিকদের নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী মন্তব্যও করা হয়। এসব দাবি বিশ্বাসযোগ্য করতে সপ্তাহান্তের ছুটির দিনে ‘লিটল ইন্ডিয়া’র ব্যস্ত রাস্তার ছবি এবং একটি ধর্মীয় উৎসবের ভিডিও ফুটেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছিল।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মকাণ্ডগুলো দেশটির দণ্ডবিধির ২৯৮এ ধারার অধীনে সুস্পষ্ট অপরাধ, যা বিভিন্ন জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়ানোকে নিষিদ্ধ করে। ২০২৩ সালে প্রণীত শক্তিশালী আইনের মাধ্যমে কর্তৃপক্ষ দীর্ঘ পর্যালোচনার অপেক্ষা না করেই ক্ষতিকর অনলাইন বিষয়বস্তুর বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয় উগ্র জাতীয়তাবাদ ও বিদেশভীতির তীব্র বিরোধিতা করে এই ধরনের প্রচারণা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। একই সাথে সাধারণ নাগরিকদের অনলাইন তথ্য গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
সূত্র : এনডিটিভি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।