প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে

স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজ করার সময় হঠাৎ ফুল-স্ক্রিন বিজ্ঞাপন ভেসে ওঠা কিংবা কোনো অ্যাপ চালু না করলেও অচেনা ওয়েবসাইট ও বিভিন্ন পণ্যের প্রচার দেখা দেওয়া বেশ বিরক্তিকর। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনেকেই এ সমস্যার মুখোমুখি হন। এতে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।

সাধারণত সন্দেহজনক অ্যাপ, ব্রাউজারে ওয়েবসাইটের নোটিফিকেশন পাঠানোর অনুমতি কিংবা অ্যাডওয়্যারের কারণে ফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখা দিতে পারে। তবে বিজ্ঞাপন আসা মানেই ফোন ভাইরাসে আক্রান্ত, এমন নয়। বিজ্ঞাপনের উৎস শনাক্ত করতে পারলে কয়েকটি সহজ পদক্ষেপে সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। জেনে নেওয়া যাক ফোনে অযাচিত বিজ্ঞাপন কমানোর পাঁচটি উপায়।

সন্দেহজনক অ্যাপ মুছে ফেলুন

নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর থেকে বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেলে সেটিকে সন্দেহের তালিকায় রাখুন। বিশেষ করে অপরিচিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ, ক্লিনার, লঞ্চার কিংবা বিনা মূল্যের বিভিন্ন টুল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

ফোনের সেটিংস থেকে ইনস্টল করা অ্যাপের তালিকা খুলুন। সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলোর মধ্যে অস্বাভাবিক বা অপ্রয়োজনীয় কিছু থাকলে সেটি আনইনস্টল করুন। এরপর ফোন রিস্টার্ট করে দেখুন বিজ্ঞাপন আসার সমস্যা কমেছে কি না।

বিজ্ঞাপন পাঠানো অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন

সব বিজ্ঞাপন সরাসরি পপ-আপ হিসেবে আসে না। অনেক অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমেও বিভিন্ন অফার ও প্রচারণামূলক বার্তা পাঠায়। ব্রাউজারে কোনো ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিলেও একই ধরনের সমস্যা হতে পারে।

এ ধরনের বার্তা এলে নোটিফিকেশনটির ওপর কিছুক্ষণ চেপে ধরুন। সাধারণত এতে কোন অ্যাপ থেকে বার্তাটি এসেছে, তা জানা যায়। এরপর প্রয়োজন অনুযায়ী ওই অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। ব্রাউজারের মাধ্যমে বিজ্ঞাপন এলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নোটিফিকেশন পাঠানোর অনুমতিও বাতিল করুন।

হোম স্ক্রিনে বিজ্ঞাপন এলে লঞ্চার যাচাই করুন

ফোনের হোম স্ক্রিনে বারবার বিজ্ঞাপন দেখা গেলে থার্ড-পার্টি লঞ্চার বা সম্প্রতি ইনস্টল করা অন্য কোনো অ্যাপ এর কারণ হতে পারে। কিছু অ্যাপ হোম স্ক্রিনে কিংবা অন্য অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন প্রদর্শন করে।

সমস্যার উৎস হিসেবে কোনো অ্যাপকে সন্দেহ হলে সেটি সরিয়ে ফোনের নিজস্ব ডিফল্ট লঞ্চার ব্যবহার করে দেখুন। পাশাপাশি, কোন কোন অ্যাপ অন্য অ্যাপের ওপর ভেসে থাকার অনুমতি পেয়েছে, তা পরীক্ষা করুন। সন্দেহজনক অ্যাপের এমন অনুমতি থাকলে প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দিন। ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে সেটিংসের নাম ভিন্ন হতে পারে।

ব্রাউজারের পপ-আপ ও ওয়েবসাইটের অনুমতি নিয়ন্ত্রণ করুন

ইন্টারনেট ব্যবহারের সময় নিজে থেকেই নতুন ট্যাব খুলে যাওয়া, অচেনা ওয়েবসাইটে চলে যাওয়া কিংবা বারবার বিজ্ঞাপন আসার ঘটনা ঘটলে ব্রাউজারের সেটিংস পরীক্ষা করা প্রয়োজন।

গুগল ক্রোমের মতো ব্রাউজারে পপ-আপ ও রিডাইরেক্ট বন্ধ রাখুন। পাশাপাশি, কোন কোন ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিয়েছেন, সেই তালিকা পর্যালোচনা করুন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটের অনুমতি বাতিল করে দিন।

প্রয়োজনে ব্রাউজারের ক্যাশ ও অন্যান্য ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারেন। তবে এতে কিছু ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যেতে পারেন এবং সংরক্ষিত কিছু সেটিংস হারাতে পারেন।

গুগল প্লে প্রটেক্ট দিয়ে ক্ষতিকর অ্যাপ পরীক্ষা করুন

ফোনে ক্ষতিকর অ্যাপ থাকার আশঙ্কা হলে গুগল প্লে স্টোরের প্লে প্রটেক্ট ব্যবহার করে স্ক্যান চালাতে পারেন। এই সুবিধাটি ফোনের অ্যাপ পরীক্ষা করে সম্ভাব্য ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করতে সহায়তা করে।

এ ছাড়া ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো নিয়মিত আপডেট রাখুন। অপরিচিত ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলুন। কোনো অ্যাপ তার কাজের সঙ্গে সম্পর্কহীন অতিরিক্ত অনুমতি চাইলে তা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন।

বিজ্ঞাপন এড়াতে আরও যেসব বিষয়ে সতর্ক থাকবেন

ফোনে বিজ্ঞাপন দেখা গেলেই ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়। অনেক বিনা মূল্যের অ্যাপ আয়ের জন্য স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন দেখায়। তবে কোনো অ্যাপ ব্যবহার না করলেও ঘন ঘন ফুল-স্ক্রিন বিজ্ঞাপন আসা, ফোন নিজে থেকেই অচেনা ওয়েবসাইট খুলে ফেলা কিংবা অস্বাভাবিক আচরণ করার বিষয়গুলো অবহেলা করা উচিত নয়।

বিজ্ঞাপনে দেখানো পুরস্কার, লটারি বা ফোনে ভাইরাস থাকার ভুয়া সতর্কবার্তার ফাঁদে পা দেবেন না। অপরিচিত লিংকে প্রবেশ করে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য কিংবা ওটিপি (OTP) দেওয়াও বিপজ্জনক হতে পারে।

তাই প্রথমে বিজ্ঞাপনের উৎস শনাক্ত করুন। এরপর সন্দেহজনক অ্যাপ মুছে ফেলা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা এবং ব্রাউজারের অনুমতি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নিন। অধিকাংশ ক্ষেত্রে এসব ব্যবস্থা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...