রাজশাহী

নওগাঁর বদলগাছীতে ভিডাব্লিউবির ১,৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নওগাঁর বদলগাছীতে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে এসব চাল কেনা ও মজুত রাখার অভিযোগে ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ নারীদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। বিতরণের পর কয়েকজন উপকারভোগী পরিষদের বাইরে ব্যবসায়ীদের কাছে চাল বিক্রি করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাশের একটি গুদাম থেকে প্রায় দুই টন চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনূর ইসলাম স্বপন বলেন, পরিষদের কাজে বাইরে থাকাকালে চাল জব্দের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। তাঁর দাবি, উপকারভোগীরা পরিষদ থেকে চাল নিয়ে বাইরে বিক্রি করছিলেন। তবে ইউনিয়ন পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দ করা চাল প্রশাসনের হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদের পাশে একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...