রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাঁওতাল শিশুদের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছেন নরওয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার শিমলা দীঘিপাড়া বহুভাষিক শিক্ষা স্কুল পরিদর্শনকালে তাঁরা শিশুদের নিজস্ব ভাষায় পড়াশোনা এবং ঐতিহ্যবাহী গান ও নাচের মাধ্যমে অতিথি বরণের আয়োজন প্রত্যক্ষ করেন।
নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড মিউনিসিপ্যালিটির ডেপুটি মেয়র সেলথ বেকবান ও ডাগ ভিগের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলটি বর্তমানে রাজশাহী সফর করছে। স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশ এবং রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির যৌথ পরিকল্পনায় এ সফরের আয়োজন করা হয়েছে।
সফরের অংশ হিসেবে বুধবার দিনভর পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যুলেশন (এনএজিআর)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সকালে তাঁরা গোদাগাড়ীর শিমলা দীঘিপাড়া বহুভাষিক শিক্ষা স্কুলে পৌঁছালে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ও শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে তাঁদের স্বাগত জানান। সাঁওতাল রীতি অনুসারে অতিথিদের পা ধুইয়ে বরণ করেও নেওয়া হয়।
পরে প্রতিনিধি দলের সদস্যরা শ্রেণিকক্ষে বসে শিশুদের মাতৃভাষায় পাঠদানের পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ভাষা একটি জাতির পরিচয় ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। কোনো জনগোষ্ঠীর ভাষা হারিয়ে গেলে তার সংস্কৃতি ও স্বাতন্ত্র্যও হুমকির মুখে পড়ে। সাঁওতাল শিশুরা নিজেদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পাওয়ায় তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে অতিথিরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দলীয় ছবিতে অংশ নেন।
এনএজিআরের নির্বাহী পরিচালক স্টেফান সরেন পরিদর্শন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নিজস্ব ভাষায় পরিচালিত এই ব্যতিক্রমী স্কুল পেয়ে স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ খুশি ও কৃতজ্ঞ।
স্টেফান সরেনের দেওয়া তথ্য অনুযায়ী, মেনোনাইট সেন্ট্রাল কমিটির অর্থায়নে ১৫টি বহুভাষিক শিক্ষা (এমএলই) স্কুল পরিচালিত হচ্ছে। এ ছাড়া স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশ এবং ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির উদ্যোগে আরও পাঁচটি এমএলই স্কুল পরিচালিত হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।