বিশ্ব

ইন্দোনেশিয়ায় দুর্নীতি দমন কর্মকর্তার বাড়িতে মিলল ১৯ মিলিয়ন ডলার-৭৪ কেজি সোনা

ইন্দোনেশিয়ায় সাবেক দুর্নীতি দমন কর্মকর্তার বাড়ি থেকে প্রায় ১৯ মিলিয়ন (এক কোটি ৯০ লাখ) ডলার এবং ৭৪ কেজির বেশি সোনার বার জব্দ করার পর তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার তদারকি বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল রুডি মার্গোনো জানান, ফেব্রি আদ্রিয়ানশাহ নামে ওই কর্মকর্তা দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের বিশেষ অপরাধ সংক্রান্ত দুর্নীতি দমন ইউনিটের প্রধান প্রসিকিউটর হিসেবে ৪ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠে।

অভিযোগের জেরে রাজধানী জাকার্তার উপকণ্ঠে তার বাড়িসহ বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি অভিযান চালায় পুলিশের বিশেষ দল। তল্লাশিতে তার বাসা থেকে বিভিন্ন দেশের মুদ্রায় প্রায় ১৯ মিলিয়ন ডলার নগদ অর্থ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকারও বেশি) এবং ৭৪ কেজি ওজনের খাঁটি সোনার বার উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।

এরপরই আইন প্রয়োগের সততা ও নিরপেক্ষতা বজায় রাখার যুক্তি দেখিয়ে গত ১১ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন ফেব্রি। তবে জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল রুডি আরও জানান, উদ্ধারকৃত বিপুল পরিমাণ নগদ অর্থের সত্যতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা- এফবিআই এবং সিঙ্গাপুর দূতাবাসের সাথে সমন্বয় করে কাজ করছে ইন্দোনেশিয়ার পুলিশ। পাশাপাশি জব্দকৃত সোনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাতের দুর্নীতি নিয়ে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে দেশটির দুর্নীতিবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবেই এই শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হলো।

সূত্র: গালফ নিউজ

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel