বিনোদন

‘স্পাইডারম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে রহস্য

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হলিউড অভিনেত্রী স্যাডি সিংক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি রহস্যময় ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে ভিডিওটির উৎস বা সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে স্যাডি সিংককে তার পরিচিত উজ্জ্বল লাল চুলের বদলে গাঢ় রঙের চুল এবং ঘন ভ্রুতে দেখা যায়। অনেকের ধারণা, এটি হয়তো ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’র কোনো দৃশ্য। আবার কেউ মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হতে পারে কিংবা অন্য কোনো প্রকল্পের অংশ।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশে দেখা যায়, পাশে থাকা একজনের দিকে দ্রুত তাকিয়ে স্যাডি বলেন, ‘হোয়াট উড ইউ ডু ইফ (তুমি কী করতে, যদি…)।’ এরপরের অংশটি প্রকাশ করা হয়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে শুরু হয়েছে চরিত্র নিয়ে জল্পনা।

অনেকেই জানতে চাইছেন, নতুন ‘স্পাইডারম্যান’ সিনেমায় স্যাডি সিঙ্ক কি জিন গ্রে, গ্যোয়েন স্টেসি, নাকি মেরি জেন (এমজে) চরিত্রে অভিনয় করছেন। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সিনেমাটির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্যাডির চরিত্র সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি।

তিনি বলেন, ‘এই রহস্যই সিনেমাটিকে আরও উপভোগ্য করে তুলবে।’

ক্রেটনের ভাষায়, ‘সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন কেন আমরা এত গোপনীয়তা বজায় রেখেছি।

কিছু বিষয় আগে থেকে না জানলে সিনেমাটি আরও ভালো লাগে। আমার তো ইচ্ছা, দর্শকরা যেন কিছুই না জেনে হলে প্রবেশ করেন। আমরা অন্য কোনও কারণে নয়, শুধু দর্শকদের অভিজ্ঞতা অক্ষুন্ন রাখতে এসব তথ্য গোপন রেখেছি। যারা মুক্তির প্রথমেই সিনেমাটি দেখবেন, তারা অনেক বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন, যদি কিছু বিষয় আগে থেকে না জানেন।’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) নতুন এই সিনেমাটি ভারতে ৩০ জুলাই এবং যুক্তরাষ্ট্রে ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে রহস্যময় ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel