ভারতের বিপক্ষে গল টেস্টে দারুণ এক বাউন্ডারি বাঁচিয়ে গুরুতর চোটের শিকার হয়ে সরাসরি হাসপাতালে যেতে হলো শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্ডিমালকে। ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের একটি বাউন্ডারিমুখী শট ঠেকাতে গিয়েই মাঠে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।
ঘটনাটটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে। রাহুলের হাঁকানো বল থামাতে ডিপ মিডউইকেট থেকে সীমানার দিকে ছুট লাগান চান্ডিমাল। স্লাইড করে বল পার হওয়া ঠেকালেও ল্যান্ডিংটা মোটেও ভালো হয়নি। বাউন্ডারি লাইনের বাইরে ঘাড় ও কাঁধ বেঁকে শরীরের নিচে পড়ে চরম বেকায়দায় আঘাত পান তিনি।
গুরুতর এই চোটের পর সহকর্মীদের সহায়তায় কোনোমতে ড্রেসিংরুমে ফিরলেও ব্যথা সহ্য করতে না পারায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
পূর্বসতর্কতা ও আঘাতের মাত্রা পরীক্ষার উদ্দেশ্যে চিকিৎসকরা দ্রুতই তার স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন। স্ক্যান রিপোর্টে ঘাড়ের চোট গুরুতর প্রমাণিত হলে গলে চলমান এই টেস্টের বাকি অংশে আর দেখা যাবে না তাকে। সে ক্ষেত্রে ‘কনকাশন সাব’ হিসেবে স্কোয়াডে থাকা টপ অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা খেলতে পারেন তার জায়গায়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।