জাতীয়

বেহাত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারসহ ১১ দফা দাবি প্যান ইসলামিক মুভমেন্টের

বেহাত হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার, কোরআন-সুন্নাহর আলোকে ওয়াকফ আইন প্রণয়ন এবং সম্পত্তির আয়-ব্যয় সুদমুক্ত রাখাসহ ১১ দফা দাবি জানিয়েছে প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের ধর্মীয়, সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মুসলমানদের দান করা অনেক ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে এবং এখনো হচ্ছে। এসব সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ ও শরিয়াহ অনুযায়ী পরিচালনা করা না গেলে ভবিষ্যতে মসজিদ, মাদরাসা, খানকাহসহ বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে।

প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল ভূঁইয়া বলেন, দেশে বিপুল ওয়াকফ সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তির পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি, দাতার উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সুদমুক্ত স্বতন্ত্র ওয়াকফ অর্থনীতি গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে।

তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও পরিচালনায় আলেমদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি এ-সংক্রান্ত আইন ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন।

সংগঠনটির ১১ দফা দাবির মধ্যে রয়েছে, উলামায়ে কেরামের সমন্বয়ে কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াকফ আইন প্রণয়ন, বেহাত হওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার এবং শরিয়াহ অনুযায়ী পরিচালনা নিশ্চিত করা। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তি দাতার নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার এবং এসব সম্পত্তি পরিচালনার কমিটিতে ধর্মপরায়ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

এ ছাড়া মুসলমানদের দাবিদারবিহীন ব্যাংক আমানত ও ভূসম্পত্তি নওমুসলিম এবং মুহাজিরদের কল্যাণে ব্যয়, ওয়াকফকৃত সম্পত্তিতে প্রতিষ্ঠিত নিউস্কিম মাদরাসাগুলোর সম্পত্তি দাতার উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার এবং ঈদুল আজহা উপলক্ষে আদায় করা হাসিল ওয়াকফ প্রশাসনের মাধ্যমে মাদরাসার এতিমখানার অনুকূলে বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে।

দাবিনামায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা ধর্মীয় স্থাপনাগুলো ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহারের ব্যবস্থা, সব ধরনের ওয়াকফ সম্পত্তির পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি এবং এ কাজে ওয়াকফ প্রশাসনকে সহায়তার জন্য পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আলেমদের মাধ্যমে ওয়াকফ কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে।

পাশাপাশি ওয়াকফ সম্পত্তি সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের ক্ষেত্রে সব ধরনের ফি প্রত্যাহার এবং ওয়াকফ সম্পত্তির আয়-ব্যয় সুদের সংমিশ্রণ থেকে মুক্ত রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে অনলাইন অ্যাক্টিভিস্ট তারেক রহমান শাওন, অ্যাডভোকেট মো. ফরহাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...