বিশ্ব

অপহৃত সেনাদের ফেরাতে হাইতিতে বিশেষ বাহিনী পাঠাল এল সালভাদর

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলার পর নিখোঁজ হওয়া নিজেদের চার সেনাকে উদ্ধারে ১০০ সদস্যের বিশেষ বাহিনী পাঠিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। বৃহস্পতিবার দেশটির সেনারা হাইতিতে পৌঁছান বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। একই দিন আরও ১০০ সেনা পাঠানোর প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

নিখোঁজ চারজন এল সালভাদরের সামরিক বাহিনীর বিমান চলাচল-সংক্রান্ত কারিগরি কর্মী। হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে ক্রোয়া-দে-বুকে এলাকায় রোববার তাঁদের বহনকারী সাঁজোয়া যান সশস্ত্র গ্যাংয়ের হামলার মুখে পড়ে। হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি বিস্ফোরকও ব্যবহার করেছিল বলে হাইতির কর্তৃপক্ষ জানিয়েছে।

হাইতির সরকার বুধবার জানায়, নিখোঁজ চার সেনাকে অপহরণ করা হয়েছে। এরপর এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে তাঁদের উদ্ধারে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন। সেনাদের জীবিত ও অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

হামলার জন্য এখনো কোনো গ্যাং আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। ঘটনাস্থলটি চেন মেচান গ্যাংয়ের নিয়ন্ত্রণাধীন এলাকায়। এর পশ্চিমে আরও শক্তিশালী ৪০০ মাওজো গ্যাংয়ের প্রভাব রয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন।

হাইতিতে গ্যাং দমনের জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনী সম্প্রতি কার্যক্রম শুরু করেছে। এর আগে কেনিয়ার নেতৃত্বাধীন বাহিনী দেশটির পুলিশকে সহায়তা করলেও জনবল ও অর্থের অভাবে সহিংসতা নিয়ন্ত্রণে বড় সাফল্য পায়নি। নতুন বাহিনীর পরিকল্পিত সদস্যসংখ্যা ৫ হাজার ৫০০ হলেও বর্তমানে সেখানে দুই হাজারের কিছু বেশি সদস্য রয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলা আন্তর্জাতিক সংকটবিষয়ক বিশেষজ্ঞ দিয়েগো দা রিন বলেছেন, গ্যাংয়ের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিখোঁজ সেনাদের খুঁজে বের করা কঠিন হতে পারে। অপহৃতদের গ্যাংগুলো আলোচনায় নিজেদের প্রভাব বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলেও তিনি মনে করেন।

এদিকে সংঘর্ষ চলতে থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ সেনাদের অবস্থান কিংবা উদ্ধারের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...