চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে ভাড়া নিয়ে বিরোধের জেরে একটি দোকানের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দোকানের মূল মালিকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ভাড়া না দেওয়ায় দোকানটি দখলমুক্ত করা হয়েছে। মালামাল লুট করা হয়নি; সেগুলো নিরাপদে রাখা হয়েছে এবং ভাড়াটিয়াকে বুঝিয়ে দেওয়া হবে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের নিউমার্কেটের ৬ নম্বর দোকান ‘টাঙ্গাইল শাড়ি ঘরে’ এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোকানটির মূল মালিক শফিউল আলমের কাছ থেকে মাসিক ২৮ হাজার টাকা ভাড়ায় দোকানটি নেন টাঙ্গাইল শাড়ি ঘরের মালিক আবু তাহের। ভাড়াটিয়াপক্ষের দাবি, ২০২০ সালে করোনাকালে তিন মাসের ভাড়া বকেয়া পড়ার পর মালিক আর ভাড়া নিতে রাজি হননি। এরপর থেকে আদালতে ভাড়ার টাকা জমা দিয়ে আসছেন তাঁরা।
অন্যদিকে, দোকানটির মূল মালিকপক্ষের দাবি, ছয় বছর ধরে ভাড়া না দিয়ে দোকানটি দখল করে রাখা হয়েছিল। এ কারণে রোববার দোকানটি দখলমুক্ত করা হয়। মালামাল নিরাপদে রাখা হয়েছে এবং পরে ভাড়াটিয়াকে বুঝিয়ে দেওয়া হবে।
দোকান মালিকের অংশীদার সাদেকুল ইমাম বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। দীর্ঘদিন ভাড়া না দেওয়ার কারণে দোকানটি দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ভাড়াটিয়ার ছোট ভাই আব্দুল বারী বলেন, করোনাকালে তিন মাসের ভাড়া বকেয়া থাকার পর তা পরিশোধ করতে গেলে মালিক তা গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর থেকে আদালতে ভাড়া জমা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।