দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল উপজেলায় একটি নার্সারিতে গভীর রাতে আগুন লাগার ঘটনায় প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক। আগুনে নার্সারিতে থাকা লিচু ও রঙ্গনের প্রায় ৬০০টি চারা ঝলসে ও পুড়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত নার্সারিটির মালিক মো. আজগার আলী (৩৫)। তিনি উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ঘাগরাগাছী গ্রামের মো. অছিম উদ্দীনের ছেলে। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স আর্নিকা নার্সারি’ রামপুর মৌজায় মঞ্জু মার্কেটের সামনে অবস্থিত।
আজগার আলী জানান, শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে প্রতিদিনের মতো নার্সারি বন্ধ করে তিনি মঞ্জু মার্কেটের ভেতরে নিজের ভাড়া করা অফিসকক্ষে যান। রাতের খাবার শেষে আনুমানিক ১১টার দিকে ঘুমিয়ে পড়েন।
তিনি বলেন, রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজনের চিৎকারে ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে তিনি নার্সারিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিরল ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজগার আলীর দাবি, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা হিংসার বশবর্তী হয়ে নার্সারিতে প্রবেশ করে সেখানে থাকা দুটি খড়ের চালায় আগুন ধরিয়ে দিয়েছেন। আগুনের তাপে নার্সারিতে থাকা প্রায় ৫০০টি লিচুর চারা ও ১০০টি রঙ্গনের চারা ঝলসে ও পুড়ে গেছে। এতে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
আজগার আলী জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।