বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ৩ নভেম্বর ভোরে অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ভারতের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
বিজনেস স্ট্যান্ডার্ডের ২ নভেম্বর সকাল ৯টা ২২ মিনিটের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে পৌঁছানোর আগে এটি কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুতে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ওড়িশা রাজ্যেও প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজ্যের দক্ষিণাঞ্চলের নিচু ও পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় আর্নবের আঘাতে ওড়িশায় ছয়জনের মৃত্যু হয়েছে। আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সুত্রঃ এনডিটিভি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।