অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির কথা জানান। একই সঙ্গে ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া একদিনের ও চার দিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট, ১৪৯টি ওয়ানডে এবং ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় ১৪ বছরের। আক্রমণাত্মক ব্যাটিং ও অপ্রচলিত শট খেলার দক্ষতার কারণে তিনি ‘দ্য বিগ শো’ নামে পরিচিতি পান।
অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৮৯৭ রান। আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে অফ স্পিনে নিয়েছেন ১২৮ উইকেট।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি শতক করেছেন ম্যাক্সওয়েল। ভারতের রোহিত শর্মার সঙ্গে এই কীর্তিতে তিনি যৌথভাবে শীর্ষে রয়েছেন।
ম্যাক্সওয়েল জানান, ক্যারিয়ারের বাকি সময়ের প্রতিযোগিতাগুলোতে খেলতে শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্যই তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে।
চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিদায়ী ম্যাচ খেলার আশা থাকলেও অস্ট্রেলিয়ার নতুন দল গঠনের পরিকল্পনায় সেটি আর সম্ভব হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
সূত্র: রয়টার্স
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।