বিশ্ব

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন আলোচনা, নিরাপত্তার নিশ্চয়তা প্রধান ইস্যু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার থেকে দুই দিনের এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা এবং ভবিষ্যতে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানোর উপায়। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম তিন দেশের প্রতিনিধিরা সরাসরি যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় বসছেন। এর আগে বছরের শুরুর দিকে কয়েক দফা আলোচনা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবারও আলোচনার ফল কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ যুদ্ধের অবসান নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানে বড় ধরনের পার্থক্য রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের চেষ্টা বন্ধ করতে হবে এবং দেশটির সামরিক সক্ষমতার ওপর সীমা আরোপ করতে হবে। রুশ ভাষা ও মস্কোপন্থী অর্থোডক্স চার্চের ওপর বিধিনিষেধও তুলে নেওয়ার দাবি জানিয়েছে মস্কো।

পুতিনের অবস্থান, এসব শর্তের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হতে হবে। শুধু সাময়িক যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়া আগ্রহী নয়। মস্কোর যুক্তি, যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সেনারা বিশ্রাম নেওয়া ও অস্ত্রের মজুত বাড়ানোর সুযোগ পাবে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, যুদ্ধ বন্ধের আলোচনার প্রথম ধাপ হওয়া উচিত অবিলম্বে যুদ্ধবিরতি। এরপর বৃহত্তর রাজনৈতিক সমঝোতার বিষয়ে আলোচনা করা যেতে পারে। ভূখণ্ডের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকও জরুরি বলে মনে করেন তিনি।

আবুধাবির আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা বড় বিষয় হয়ে উঠেছে। জেলেনস্কি বলেছেন, ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো নিরাপত্তা নিশ্চয়তা চায় তাঁর দেশ। ন্যাটোর ওই অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেন জানতে চায়, ভবিষ্যতে রাশিয়া আবার হামলা চালালে পশ্চিমা দেশগুলো কী পদক্ষেপ নেবে, কীভাবে সহায়তা দেবে এবং কত দ্রুত তা করবে।

ইউক্রেনের ইউরোপীয় মিত্রদেরও আলোচনায় অংশ নেওয়ার দাবি রয়েছে। কিন্তু রাশিয়া এখনই ইউরোপীয় প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসাতে রাজি নয়। ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, ইউরোপীয় প্রতিনিধিদের এখন আবুধাবির বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না। তবে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে বৃহত্তর আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন হতে পারে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চললেও যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ থেমে নেই। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সম্মুখসীমায় লড়াই অব্যাহত রয়েছে। দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা শীতের আগে নতুন সংকট তৈরি করেছে।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র কোনো না কোনোভাবে হামলার শিকার হয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে মিত্র দেশগুলোর কাছে জেনারেটর ও অন্যান্য সরঞ্জাম চেয়েছেন তিনি। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পশ্চিমা দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অনুরোধ জানিয়েছেন।

এর আগে দক্ষিণ ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি শহরের আশপাশে এক সপ্তাহের স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে ওই সমঝোতা সম্ভব হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি হয়। তবে ওই সাময়িক উদ্যোগের পরও সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির কোনো বড় পরিবর্তন হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে বড় ধরনের একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে এর বিস্তারিত প্রকাশ করেননি তিনি। আবুধাবির আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মতো প্রতিনিধিরা যুক্ত রয়েছেন বলে আগে জানা গেছে।

পাঁচ বছরের কাছাকাছি পৌঁছানো এই যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে ভূখণ্ড, ন্যাটো সদস্যপদ এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে দুই পক্ষের অবস্থান এতটাই ভিন্ন যে আবুধাবির বৈঠক থেকে দ্রুত চূড়ান্ত সমাধান আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...