আফগানিস্তানের রাজধানী কাবুলের ঐতিহাসিক বালা হিসার দুর্গে সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক খননকাজ চালাতে গিয়ে দুই হাজার বছরেরও বেশি পুরোনো নানা নিদর্শনের সন্ধান পেয়েছেন গবেষকেরা। প্রাচীন বসতির চিহ্ন, বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ, মুঘল আমলের প্রাসাদের স্নানাগার, মুদ্রা, মৃৎপাত্র ও ভাস্কর্যের খণ্ডাংশ পাওয়া গেছে সেখানে। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কাবুলের পুরোনো শহরের দক্ষিণ প্রান্তে পাহাড়ের ওপর অবস্থিত বালা হিসার দুর্গটি বহু শতাব্দী ধরে আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সময়ে আক্রমণ, বিদ্রোহ ও যুদ্ধের কারণে দুর্গটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় এর প্রাচীর ও স্থাপনাগুলোও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
আগা খান ট্রাস্ট ফর কালচার (একেটিসি) কয়েক বছর ধরে দুর্গটি সংরক্ষণের কাজ করছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এলাকাটিকে একটি উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে গড়ে তোলা হবে। সেখানে থাকবে সাজানো বাগান, রেস্তোরাঁ ও জাদুঘর। একই সঙ্গে আফগান শিক্ষার্থীদের প্রত্নতত্ত্ব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
খননকাজে যুক্ত প্রত্নতত্ত্ববিদ বাবাক রাফিয়েই-আলাভি জানিয়েছেন, দুর্গের পাঁচটি স্থানে খনন চালিয়ে প্রত্যাশার চেয়েও বেশি নিদর্শন পাওয়া গেছে। প্রাচীন মুদ্রা, বৌদ্ধ ভাস্কর্যের অংশ, ইসলামী যুগের রঙিন মৃৎপাত্র, তেলের প্রদীপ এবং বিভিন্ন সময়ের বসতবাড়ির ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর একটি মুঘল আমলের প্রাসাদের অংশ। সেখানে দেয়ালচিত্র, সিংহাসনের মতো একটি স্থাপনা এবং পাথরের ওপর খোদাই করা তারার আকৃতির জলাধারের সন্ধান মিলেছে। খননকাজের একটি অংশ ইতিমধ্যে ১১ মিটার গভীর হয়েছে। গবেষকদের ধারণা, আরও খনন করলে নতুন নিদর্শন পাওয়া যেতে পারে।
‘বালা হিসার’ শব্দের অর্থ উঁচু দুর্গ। কাবুলের ওপর নজরদারি ও শহরের প্রবেশপথ নিয়ন্ত্রণের জন্য এর অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়ায় যাওয়ার প্রাচীন বাণিজ্যপথের পাশেও দুর্গটির অবস্থান ছিল। ফলে এটি শুধু সামরিক ঘাঁটি নয়, ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে।
ইতিহাসের বিভিন্ন সময়ে দুর্গটি রাজপ্রাসাদ, অস্ত্রাগার, প্রশাসনিক কেন্দ্র, কারাগার ও সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথম শতাব্দী খ্রিষ্টপূর্বাব্দ থেকে মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ-আফগান যুদ্ধ, সোভিয়েত আগ্রাসন এবং গৃহযুদ্ধ—সব পর্যায়ের ইতিহাসের ছাপ রয়েছে এখানে।
১৮৭৯ সালে ব্রিটিশ দূত স্যার লুই কেভাগনারি ও তাঁর সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতে ব্রিটিশ সেনারা দুর্গটির বড় অংশ ধ্বংস করে। পরবর্তী যুদ্ধগুলোতেও স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৮ সালে মার্কিন বাহিনীর একটি কার্যক্রমে দুর্গের কিছু অংশ সমতল করা হয়, যাতে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্তর নষ্ট হয়েছিল বলে গবেষকেরা জানিয়েছেন।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর বিদেশি প্রত্নতাত্ত্বিক দলের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে আগা খান ট্রাস্ট কাজ চালিয়ে যায় এবং ২০২২ সালের পর থেকে সংরক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। স্থানীয় পাথর ব্যবহার করে দুর্গের ভেঙে পড়া দেয়াল পুনর্নির্মাণ করা হচ্ছে। নতুন অংশগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে পুরোনো স্থাপনার সঙ্গে সেগুলোর পার্থক্য বোঝা যায়।
তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব ঘুফরান বলেছেন, দেশের প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে সরকার আগ্রহী। তবে প্রকল্পটি দীর্ঘমেয়াদি। দুর্গের বিশাল এলাকা, প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং বহু বছরের ক্ষয়ক্ষতির কারণে কাজ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে।
সূত্র: এপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।