জাতীয় সংসদে উত্থাপিত ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন আকারে চলতি অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৈঠকে বহুল আলোচিত বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। পরে বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে সংসদের চলতি অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত অংশ নেন।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।