বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়ার হোটেল মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি বিষয়টি তুলে ধরেন।
আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সঙ্গে সাংবাদিকতার দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্পর্ক রয়েছে। এ অঞ্চলের সাংবাদিকতার ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর অনুরোধ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
বগুড়া প্রেস ক্লাবের উন্নয়ন প্রসঙ্গেও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব। তিনি বলেন, তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর ১৭ বছর ভবনটির তেমন কোনো কাজ হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেই প্রেস ক্লাব ভবনটির উদ্বোধন করেছেন।
বগুড়ার সামগ্রিক উন্নয়নে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, এলাকার উন্নয়নে সবার উচিত নিজেদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজনকে মরণোত্তর সম্মাননাসহ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।