নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিলন হোসেন (৩৫)। সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে থানা পুলিশের একটি দল নিয়মিত রাত্রিকালীন টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজনকে টাকা দিয়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, অভিযানে তাঁদের কাছ থেকে তাসের একটি সেট, জুয়া খেলার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের একটিতে অনলাইন জুয়ার দুটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।